মুঞ্জিল ইসলাম মুরাদ, সিসিআর প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলন করা হয়। পরে কলেজের জিএল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে কলেজের প্রধান ফটক অতিক্রম করে রংপুর শহরের প্রধান সড়ক হয়ে রেলগেট প্রদক্ষিণ করে পুনরায় জিএল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঢাকের তালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক কারণে কারমাইকেল কলেজের উন্নয়ন ব্যাহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, রাস্তাঘাট ও আবাসিক হলসহ বিভিন্ন ক্ষেত্রে কলেজটি প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। আগামীতে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে কলেজের সার্বিক উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মণ্ডল তাঁর বক্তব্যে বলেন, কারমাইকেল কলেজকে ঘিরে বেশ কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, ছাত্রীদের জন্য ১০ তলাবিশিষ্ট আবাসিক হল, শিক্ষকদের আবাসিক কোয়ার্টারের ব্যবস্থা এবং শিক্ষার মান উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রকল্যাণ ফান্ডে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু। পাশাপাশি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। সব মিলিয়ে ছাত্রকল্যাণ ফান্ডে মোট আড়াই লাখ টাকার বরাদ্দ ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন বিএনসিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট এবং কলেজের স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। অতিথিদের অভ্যর্থনা, শৃঙ্খলা বজায় রাখা ও জরুরি প্রয়োজনে সহযোগিতায় কাজ করছেন তাঁরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিকেলের পর্বে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় জনপ্রিয় সংগীত ব্যান্ড আর্ক (ARK)-এর পরিবেশনায় মঞ্চ মাতানোর আয়োজন রয়েছে। ব্যান্ডটির পরিবেশনাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ দেখা যাচ্ছে।
১১০ বছরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য উদ্যাপনের পাশাপাশি কলেজের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ ও ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী নতুন প্রত্যাশার বার্তা দিচ্ছে।