নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা ৪০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। হিজরি বর্ষপঞ্জির ষষ্ঠ মাস জমাদিউস সানি শুরু হওয়ায় রমজান মাস আসতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি রয়েছে।
বাংলাদেশের আকাশে বুধবার (১২ নভেম্বর) পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর রজব ও শাবান মাস অতিবাহিত হওয়ার পর পবিত্র রমজান মাস শুরু হয়।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। পরদিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। তবে রমজান শুরুর সুনির্দিষ্ট সময় চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন এবং বুধবার থেকে মাস গণনার সিদ্ধান্ত গ্রহণ করেন।
রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা
চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্যমতে, চন্দ্রবর্ষের কারণে প্রতিবছর গ্রেগরীয় বর্ষপঞ্জিতে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে রমজান শুরু হতে পারে।
তবে ২০২৭ সালের রমজান শুরুর তারিখ এখনো চূড়ান্ত নয়। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।