নিউজ ডেস্ক
শনিবার (৭ নভেম্বর), ২০২৬ | দুপুর ১১টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের ওমরাহ প্যাকেজ ও জমজমের পানি পুরস্কার হিসেবে দেওয়া হবে। আগ্রহীদের নুসুক অ্যাপে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই সুযোগ পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রতিযোগিতাটি গত ১ নভেম্বর শুরু হয়েছে এবং নুসুকের সামাজিক যোগাযোগমাধ্যমে এর ঘোষণা দেওয়া হয়। এতে মোট ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি পুরস্কার হিসেবে রাখা হয়েছে। প্রতিটি ওমরাহ প্যাকেজে দুজনের ভ্রমণের ব্যবস্থা, ওমরাহ ভিসা, বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন অন্তর্ভুক্ত রয়েছে। বিজয়ীরা ২০ কার্টন জমজমের পানি পাবেন, যার মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন প্রিয়জনকে উপহার দেওয়ার সুযোগ রয়েছে।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের প্রথমে নুসুক অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। অ্যাপে লগইন করার পর ‘Start the Challenge’ অপশনে ক্লিক করে চারটি বিভাগের যেকোনো একটি নির্বাচন করতে হবে। বিভাগগুলো হলো ‘দ্য প্রফেটস বায়োগ্রাফি’, ‘দ্য কুরআন’, ‘মক্কা অ্যান্ড দ্য গ্র্যান্ড মস্ক’ এবং ‘মদিনা অ্যান্ড দ্য প্রফেটস মস্ক’। নির্বাচিত বিভাগ থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর দিলে প্রতিযোগীর নাম লটারিতে অন্তর্ভুক্ত হবে।
অংশগ্রহণকারীরা প্রতিদিন একটি করে চাবি পাবেন, যা দিয়ে প্রশ্নের দরজা খোলা যাবে। অতিরিক্ত চাবি পেতে প্রতিযোগিতার লিংক বন্ধু ও স্বজনদের সঙ্গে শেয়ার করার সুযোগ রয়েছে। প্রতিদিন সৌদি আরবের স্থানীয় সময় রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং নুসুকের ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট থেকে তালিকা জানা যাবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত নুসুক অ্যাপটি ওমরাহ পালনের অনুমতিসহ বিভিন্ন ধর্মীয় সেবা গ্রহণের জন্য ব্যবহৃত হয়। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য নুসুকের ওয়েবসাইট (https://services.nusuk.sa/) ভিজিট করা যাবে।