মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬), সকাল ১০টা ২৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানজট ও যাত্রীভোগান্তি কমাতে প্রায় ৪৭ হাজার কোটি টাকা ব্যয়ে ১৫৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার (JICA) অর্থায়নে বাস্তবায়িতব্য এই প্রকল্পের ফলে ঢাকা থেকে কক্সবাজার যাত্রায় ৬ থেকে ৭ ঘণ্টা এবং চট্টগ্রাম থেকে ২ থেকে আড়াই ঘণ্টা সময় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে পটিয়া বাইপাস, দোহাজারী, কেরানীহাট, লোহাগাড়া ও চকরিয়া—এই পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। স্বাভাবিক সময়ের তুলনায় এসব এলাকায় ২ থেকে ৩ ঘণ্টা এবং ঈদের ছুটিতে ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত অতিরিক্ত সময় ব্যয় হয়।
প্রকল্পের আওতায় চারটি নতুন বাইপাস নির্মাণের পাশাপাশি সাতকানিয়ার কেরানীহাটে ৩.৫ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাইকা ইতোমধ্যে প্রকল্পের চূড়ান্ত সমীক্ষা প্রতিবেদন সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে হস্তান্তর করেছে। প্রাথমিক পর্যায়ে বাইপাস ও ফ্লাইওভারের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
যোগাযোগ ও অর্থনীতিতে প্রভাব
এই প্রকল্প বাস্তবায়িত হলে কক্সবাজারের রেলপথ, আন্তর্জাতিক বিমানবন্দর ও উন্নত সড়ক যোগাযোগের সমন্বয়ে একটি বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। এছাড়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মহেশখালী অর্থনৈতিক অঞ্চলের পণ্য পরিবহন সহজ হবে। এতে চট্টগ্রাম বন্দর ও ঢাকার সঙ্গে পণ্য পরিবহনে সময় ও ব্যয় উল্লেখযোগ্য হারে কমার সম্ভাবনা রয়েছে।