নিউজ ডেস্ক
সোমবার (১৬ নভেম্বর), ২০২৬ | রাত ৮:৫৯
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির অভিযোগ স্বীকার করেছেন শীর্ষস্থান অর্জনকারী এক পরীক্ষার্থী। ১৬০টি প্রশ্নের মধ্যে ১৫৯টির সঠিক উত্তর দিয়ে উত্তীর্ণ হওয়ার পর তার ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হয়। রোববার (১৫ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে নিজের অপরাধ স্বীকার করেন হান পদবির ওই পরীক্ষার্থী।
এপ্রিল ও জুলাই মাসে অনুষ্ঠিত যোগ্যতা যাচাইয়ের দুই ধাপের পরীক্ষাতেই প্রথম হন তিনি। প্রথম ধাপে ৪০০ নম্বরের মধ্যে তিনি ৩৯৭.৫০ নম্বর পান। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করায় তার বিরুদ্ধে স্মার্ট চশমা ব্যবহার করে জালিয়াতির অভিযোগ ওঠে। শুরুতে অস্বীকার করলেও পরে ইউটিউব ভিডিওতে তিনি ইলেকট্রনিক যন্ত্রপাতি ও এআই ব্যবহারের কথা স্বীকার করেন।
হান জানান, পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলতে তিনি একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করেন। সেই ছবি এআই ব্যবস্থায় পাঠিয়ে উত্তর সংগ্রহ করে স্মার্টফোনের মাধ্যমে দেখে নেন। তিনি সিউল পুলিশের কাছে এ বিষয়ে লিখিত স্বীকারোক্তি জমা দিয়েছেন।
সিউল মহানগর পুলিশ জানায়, রোববার সকালে পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে লিখিত স্বীকারোক্তি পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় এ ধরনের পরীক্ষা পেশাগত ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এআই ব্যবহার করে জালিয়াতির ঘটনায় দেশটিতে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থাকায় এ ধরনের জালিয়াতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।”
তিনি আরও জানান, জালিয়াতির বিষয়ে করণীয় ঠিক করতে প্রেসিডেন্টের নীতিবিষয়ক চিফ অব স্টাফের সভাপতিত্বে রোববার বিকালে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হান সঙ-সুক ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকারের আগাম প্রস্তুতির কথা জানান।