নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে বিপুল অর্থের বিনিময়ে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৩৮) ও সাতহালিয়া গ্রামের মোঃ বারি (৪২)। আজ বুধবার (১৮ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন থেকে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ মন্টু লাল ও নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে খুরমি ও সাতহালিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিবপুর বেড়িবাঁধ এলাকা থেকে শহিদুল ইসলাম এবং ললিতের মোড় থেকে বারিকে আটক করা হয়।
বিজিবির দাবি, আটক দুজন ভারতে পালিয়ে থাকা কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলাউদ্দিনকে বিপুল অর্থের বিনিময়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন। এ ছাড়া তাঁরা সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক দুজনকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।