নিউজ ডেস্ক
মঙ্গলবার (২৪ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ভারতে দুই বছরেরও বেশি সময় অবস্থানের পর বিজয় দিবসের দিন তিনি দেশে ফিরতে চান বলে তার মুখপাত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে দিল্লি পালিয়ে যান শেখ হাসিনা। এর কয়েক মাস পর তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়। সম্প্রতি তিনি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন, তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি।
আইনি জটিলতা ও সরকারের অবস্থান
জাতিসংঘের তথ্যমতে, গণঅভ্যুত্থানের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্র-জনতার ওই অভ্যুত্থানে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গত রোববার (২২ নভেম্বর) সরকারের একজন মন্ত্রী রয়টার্সকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। এছাড়া তাকে ফিরিয়ে আনার জন্য উড়োজাহাজ পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।