ফরিদ আহমেদ,
ব্রাহ্মণবাড়য়া,প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হেমন্তের শেষভাগে প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া। ভোরের শিশির আর শেষ রাতের হালকা শীত জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতকে বরণ করে নিতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মানুষ। আর সেই প্রস্তুতির প্রভাব পড়েছে লেপ-তোষক তৈরির দোকানগুলোতে। বেড়েছে ক্রেতাদের আনাগোনা, কাজের চাপ সামলাতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।
নবীনগর পৌর শহরের বিভিন্ন এলাকার লেপ-তোষক তৈরির দোকান ঘুরে দেখা গেছে, শীত পুরোপুরি জেঁকে বসার আগেই অনেকে নতুন লেপ-তোষক তৈরি করতে আসছেন। কেউ পুরোনো লেপ ভেঙে নতুন করে তৈরি করাচ্ছেন। ক্রেতাদের চাহিদা মেটাতে দোকানগুলোতে অতিরিক্ত কারিগরও কাজ করছেন।
জনতা বেডিং স্টোরের মালিক ওসমান মিয়া বলেন, তাঁর বাড়ি নবীনগর কলেজপাড়া । এত দিন দোকানে তেমন কাজ ছিল না। নবজাতক শিশুর জন্য বালিশ, কোলবালিশ ও সোফা সেটের নারকেলের ছোবড়া বিক্রি করে কোনোমতে দোকানের খরচ চালাতে হয়েছে। তবে শীতের আমেজ শুরু হওয়ায় কাজ বেড়েছে। আজ দোকানে এসে পাঁচটি লেপ ও দুটি তোষক তৈরির অর্ডার পেয়েছেন।
লেপ-তোষকের দাম সম্পর্কে জানতে চাইলে একই এলাকার জনপ্রিয় বেডিং স্টোরের ব্যবসায়ী বাবু মিয়া বলেন, গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। বর্তমানে একটি ডাবল লেপ তৈরি করতে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা এবং সিঙ্গেল লেপ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা খরচ হচ্ছে। সিঙ্গেল তোষক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা এবং ডাবল তোষক প্রায় ১ হাজার ৮৫০ টাকায় তৈরি করা হচ্ছে। প্রতিটি লেপ বা তোষক সেলাইয়ের জন্য কারিগরেরা মজুরি পান ১৫০ টাকা। পৌষ মাসে কাজের চাপ আরও বাড়বে বলে আশা করছেন তিনি।
ব্যবসায়ীরা জানান, নতুন লেপ তৈরির পাশাপাশি পুরোনো লেপ খুলে নতুনভাবে তৈরির অর্ডারও বেশি পাওয়া যাচ্ছে। শিমুল তুলার তুলনায় গার্মেন্টসের ঝুট থেকে তৈরি তুলা দিয়ে বানানো লেপের চাহিদা এখন বেশি। এতে তুলনামূলক কম খরচে লেপ তৈরি করা সম্ভব হচ্ছে।
লেপ তৈরির কারিগর হাবিবুর রহমান ও জালাল উদ্দিন বলেন, একটি লেপ তৈরি করতে সর্বোচ্চ দুই ঘণ্টা সময় লাগে। একজন কারিগর দিনে গড়ে ছয় থেকে সাতটি লেপ তৈরি করতে পারেন। তোষক তৈরিতেও প্রায় একই সময় লাগে। তুলা ধুনা, মাপ অনুযায়ী কাপড় কাটা, সেলাই ও তুলা ভরার কাজ একই দোকানেই করা হয়। ফলে ক্রেতাদের এক দোকান থেকেই সব ধরনের সেবা নিতে সুবিধা হচ্ছে।
কারিগরেরা জানান, শীত যত বাড়বে, লেপ-তোষক তৈরির কাজও তত বাড়বে। বিশেষ করে পৌষ মাসে কাজের চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শীতের তীব্রতা বাড়ার আগেই ক্রেতাদের অর্ডার শেষ করতে এখন সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন তাঁরা।