বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বর্ণিল নানা আয়োজনে যশোরের বাঘারপাড়ায় উদযাপিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩।
উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলা ছিল অন্যান্যবারের তুলনায় ব্যতিক্রম। শিক্ষার্থীদের পাশাপাশি মেলায় দর্শনার্থী ছিলেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক (শিক্ষা) কর্মকর্তা আকরাম হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মেলা চত্বরে শোভা পায় সচেতনতামূলক ব্যানার- ফেস্টুন। যাতে লেখা ছিল সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা সম্পর্কে জানানো,বিদ্যুৎ ও পানির অপচয় রোধ সংক্রান্ত, ইন্টারনেট আসক্তি থেকে দুরে থাকার নির্দেশনা, ফাস্টফুডের ক্ষতি সম্পর্কে অবহিত,বাল্যবিবাহ রোধসহ নানা সচেতনতামূলক প্রচারণা। দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াডে চিত্রাঙ্কন, কুইজ ও বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামূলক নাটক। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেন অতিথিরা।