মেহেরপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিদেশ ফেরত এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার রায়পুর হাতিকাটার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত প্রবাসী যুবক শরিফুল ইসলাম(২১) রায়পুর খাঁ পাড়ার বাবর আলীর ছেলে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে এনামুল হক খোকনের সাথে বিদেশ পাঠানোকে কেন্দ্র করে একই এলাকার শরিফুল ইসলামের বিরোধ তৈরি হয়। গত দুই মাস আগে শরিফুল ইসলাম দেশে ফিরে আসলে খোকন শরিফুল ইসলামের নিকট থেকে টাকা ফেরতের দাবি করে। এ নিয়ে গ্রাম্য সালিশ বসেও কোন সুরাহা হয়নি।
এদিন বিকেল বেলায় শরিফুল ইসলাম মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে হাতিকাটা মোড় এলাকায় পৌছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।