বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পক্ষে-বিপক্ষে আলোচনা- সমালোচনা। চায়ের স্টল থেকে অফিসপাড়া – বাদ যায়নি কোথাও। আলোচনা একটাই। কে পাচ্ছেন আওয়ামীলীগের মনোনয়ন সোনার হরিণ নামক নৌকা প্রতীক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে যশোর-৪ আসনে আওয়ামীলীগের টিকিট পেয়েছেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল ফারাজী। রোববার বিকেলে আওয়ামীমীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করেন। যার মধ্যে ছিলো এনামুল হক বাবুলের নাম।
নাম ঘোষণার সাথে সাথেই বাঘারপাড়া -অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া এলাকায় বাবুল ফারাজী সমর্থিত নেতাকর্মী ও আওয়ামীলীগের সমর্থকরা উল্লাসে মেতে ওঠে। বেশ কয়েকটি এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া যায়। এদিন সন্ধ্যায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফের নেতৃত্বে মিছিল বের হয়।