প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে ঘেরের বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মৃত ব্যক্তি হলেন গাবুরা ইউনিয়নে ৯নং সোরা গ্রামের মুনসুর আলী মালীর ছেলে আবুল হাসান মালী (৩৫)।
মৃতের বড় ভাই হুদা মালী জানান, আবুল হাসান শুক্রবার রাত ১২টার দিকে নিজস্ব মাছের ঘের পাহারা দিতে যায়। এরপর সকালে আমি ও আমার চাচা ঘেরে আটল ঝাড়তে যায়। তখন পাশের ঘেরের মালিক হাসানের মৃত্যুর খবর আমাদের জানায়। আমরা দ্রুত ঘেরের বাসায় গিয়ে হাসানের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। সেখানে গিয়ে দেখা যায় ঘেরের বাসার আড়ার সাথে একটি চিকন নাইলনের দড়ি গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। তার এক পা খাটের উপরে আর একটা পা মাটিতে পড়ে আছে।
হাসানের ভগ্নিপতি মিজানুর রহমান জানান, হাসানকে যেভাবে ঝুলতে দেখা গেছে সেটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। হাসানের একটা পা খাটের ওপরে আরেকটি পা মাটিতে লেগে ছিল।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে। রিপোর্ট আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।