নিউজ ডেস্ক
মঙ্গলবার (৬ অক্টোবর), ২০২৬ | সন্ধ্যা ৫:৩২
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এক তরুণের কাছ থেকে ৪৯ লাখ ৭৮ হাজার রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের আহমেদাবাদে বসবাসরত ২৫ বছর বয়সী এক বেসরকারি চাকরিজীবীর সঙ্গে এই সাইবার প্রতারণার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণ পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর অজ্ঞাত একটি নম্বর থেকে ওই তরুণের হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। কল রিসিভ করতেই পর্দায় এক নগ্ন নারীকে দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে তিনি কল কেটে নম্বরটি ব্লক করে দেন। কিছুক্ষণ পর অন্য একটি নম্বর থেকে ফোন করে তাকে জানানো হয়, তার একটি নগ্ন ভিডিও ধারণ করা হয়েছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর ‘সঞ্জয় অরোরা’ পরিচয়দানকারী এক ব্যক্তি নিজেকে দিল্লি সাইবার ক্রাইম শাখার কর্মকর্তা দাবি করে তরুণকে ফোন করেন। তিনি ভয় দেখান যে, ওই ভিডিও ছড়িয়ে পড়ায় তার সাত বছরের কারাদণ্ড হতে পারে এবং আহমেদাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে।
ইউটিউব কর্মকর্তা পরিচয়ে নতুন ফাঁদ
প্রতারক চক্রটি এরপর ওই তরুণকে ইউটিউবের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। ওই ব্যক্তি দাবি করেন, ইন্টারনেটে তরুণের দুটি নগ্ন ভিডিও পাওয়া গেছে এবং সেগুলো মুছে ফেলতে ৭১ হাজার ২৫০ রুপি প্রয়োজন। গ্রেপ্তার ও সম্মানহানির ভয়ে তরুণ সেই টাকা পরিশোধ করেন।
টাকা দেওয়ার পরও প্রতারণা থামেনি। ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে চক্রটি দফায় দফায় তার কাছ থেকে মোট ৪৯ লাখ ৭৮ হাজার রুপি হাতিয়ে নেয়। একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তরুণ সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করেন।
পুলিশ জানায়, ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী যেসব ব্যাংক হিসাবে টাকা পাঠানো হয়েছে, সেগুলো পরীক্ষা করা হচ্ছে। এই প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে সাইবার ক্রাইম শাখা।