নিজস্ব প্রতিনিধি।
সুন্দরবনে অভিযান চালিয়ে ০২ টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ০২ টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ০২ টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। জননিরাপত্তায় কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।