মাদারীপুরের শিবচর উপজেলায় সকাল আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৮ জুন) রাত ৮টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনাকে ঘিরে পরিবার ও পুলিশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত সকাল আক্তার উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের বাসিন্দা মিলন মোল্লার মেয়ে এবং নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর সকাল তার ঘরের দরজা বন্ধ করে দেন। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পান। দ্রুত তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে শিবচর থানার ওসি রতন শেখ জানান, মৃত অবস্থায় কলেজছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকের মৃত্যু ঘোষণার পরও পরিবারের সদস্যরা মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশের হাসপাতালে উপস্থিত হওয়ার সময় সেখানে কাউকে পাওয়া যায়নি।
ওসি আরও জানান, পরিবার ধারণা করছে, সকাল আক্তার তখনও জীবিত ছিল, তাই তারা মরদেহ নিয়ে গেছেন। পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।