মনিরামপুর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের মনিরামপুর উপজেলায় পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের পরিবারের হাতে খুন হয়েছেন বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল মান্নান (৫৫)। শনিবার বিকেলে কুপিয়ে জখম করার পর রবিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের এজহার মোড়লের ছেলে। হামলায় তার স্ত্রী ফুলি বেগমও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, মান্নানের ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ শনিবার বিকেলে তাদের বাড়িতে গিয়ে ধারালো দা দিয়ে মান্নান ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই গুরুতর অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি গাজী আব্দুস সাত্তার বলেন, “মান্নান ভাই সব সময় সমঝোতায় বিশ্বাসী ছিলেন। কিন্তু ছোট ভাইয়ের পরিবার তা হতে দেয়নি।”
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় আব্দুল হান্নান, তার স্ত্রী রেশমা খাতুন ও ছেলে রহমতউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।