মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
বুধবার (৭ অক্টোবর), রাত ৮টা ১০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা মূল্যের অবৈধ সিগারেটের একটি বড় চালান জব্দ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক এবং সিগারেট বহনকারী একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ইকো পার্ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তল্লাশিতে ডাম্পার ট্রাক থেকে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন এবং ১ হাজার ৮০০ প্যাকেট অরিস ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে তৌহিদুল ইসলাম (২১) এবং শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাহেদুর ইসলাম নয়ন (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক ব্যবহার করে অবৈধ সিগারেটের চালানটি চট্টগ্রামের দিকে পাচার করা হচ্ছিল।
জব্দ করা সিগারেট, ডাম্পার ট্রাক এবং আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হবে।”