গোপালগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও অনেকে। গুলিবিদ্ধ এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন—গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) ও গোপালগঞ্জ সদরের ইমন (২৪)।
আহতদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া এলাকার বাসিন্দা সুমন বিশ্বাস (২০) গুলিবিদ্ধ হন। সংঘর্ষের সময় বাসায় ফেরার পথে গুলির মুখে পড়েন তিনি। এক পর্যায়ে গুলি তার পেটের ডান পাশ দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায় এবং ডান হাতের কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঢামেক হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার পেটে দুটি গুলির ক্ষত রয়েছে এবং আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন এবং অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
সুমনের মা নিপা বিশ্বাস বলেন, “ছেলেকে হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় পাই। চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় নিয়ে এসেছি।”
প্রসঙ্গত, বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে সহিংসতা শুরু হলে গোটা শহর রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় জেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।