গোপালগঞ্জ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির মধ্যে শুক্রবার সন্ধ্যা থেকে আবারও ১২ ঘণ্টার জন্য কারফিউ বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত নতুন করে এই কারফিউ কার্যকর থাকবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান শুক্রবার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে ২২ ঘণ্টার জন্য প্রথম দফায় কারফিউ জারি হয়, যা চলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় তা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কারফিউ সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কারফিউর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা। সারা দেশে দলটির চলমান মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে তারা বুধবার গোপালগঞ্জে যায়। এর আগের রাতে তারা কর্মসূচির নাম দেয় ‘লং মার্চ টু গোপালগঞ্জ’।
তবে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এই কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেয়। এনসিপি নেতারা গোপালগঞ্জ পৌর পার্কে সমাবেশ শেষে মাদারীপুরের দিকে রওনা দিলে পথে তাদের গাড়িবহরে হামলা হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।