ডেস্ক রিপোর্টঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে গভীর রাতে ২১ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন ১১১৬ নম্বর মেইন পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে তাদের পাঠানো হয়।
পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ১১ জন শিশু ও কিশোর রয়েছে। বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিরা ছয়টি পরিবারের সদস্য। ২০১৭ সালে তারা কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যায়। সেখানে হোটেল ও বাসাবাড়িতে কাজ করতেন। এক মাস আগে ভারতীয় পুলিশ তাদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে গ্রেপ্তার করে। পরে তাদের রোহিঙ্গা হিসেবে শনাক্ত করে বিএসএফের কাছে হস্তান্তর করে বাংলাদেশ সীমান্তে পুশইন করা হয়।
এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়েও বিএসএফ ১০ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করে।
৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই রোহিঙ্গা এবং কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিল।