বরিশাল প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশালের উজিরপুরে মাদকসেবনের টাকা না দেয়ায় শাহ আলম খান (৬০) নামে এক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার একমাত্র ছেলে। রোববার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহত শাহ আলম খান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তার ছেলে শাহনেওয়াজ শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারের কাছ থেকে প্রায়ই টাকা নিয়ে মাদক গ্রহণ করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
রোববার সকালে বাবার কাছে টাকা চাইলে তিনি অস্বীকৃতি জানান এবং বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিমুল ঘরে থাকা ছুরি দিয়ে বাবার গলায় ও বুকে উপর্যুপরি আঘাত করে। শাহ আলম ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা শিমুলকে আটক করে মারধর করেন এবং পুলিশে খবর দেন। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলেকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।