ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দুই বাংলার বরেণ্য অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন এবার বড় পর্দায় হাজির হচ্ছেন একদম নতুন এক পরিচয়ে। রঞ্জন ঘোষ পরিচালিত নতুন সিনেমা ‘অদম্য’-র ‘নিবেদক’ হিসেবে যুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই টলিউডে শুরু হয়েছে জোর আলোচনা।
সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে সুন্দরবনের উত্তাল প্রেক্ষাপট। যেখানে গতানুগতিক জীবন সংগ্রামের চেয়েও বড় হয়ে উঠেছে মানুষ, প্রকৃতি আর রাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের সংঘাত। একঝাঁক তরুণ তুর্কীকে নিয়ে নির্মিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিয়ুন ঘোষ।
শিকারি যখন নিজেই শিকার:
গল্পের মূল চরিত্র ২৩ বছরের তরুণ পলাশ। পেশায় সে একজন শিকারি হলেও রাজনৈতিক এক হত্যাকাণ্ডের জেরে পরিস্থিতির নিষ্ঠুরতায় সে নিজেই একসময় ‘শিকার’ হয়ে ওঠে। রাষ্ট্রব্যবস্থার নজর এড়িয়ে পালিয়ে বেড়ানো পলাশের জীবন-সংগ্রামের মধ্য দিয়ে এক প্রজন্মের রাজনৈতিক অবস্থানকে এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
পরিচালক রঞ্জন ঘোষের মতে, এই ছবি সেই সময়ের কথা বলে যখন ‘গণতন্ত্র রূপ নেয় নির্বাচিত স্বৈরতন্ত্রে’। পুঁজিপতিদের হাতে আদিবাসীদের জমি ও জঙ্গল হারানো এবং বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে একদল তরুণের রুখে দাঁড়ানোর গল্পই হলো ‘অদম্য’।
সিনেমাটি দর্শকদের সামনে একটি মৌলিক প্রশ্ন ছুড়ে দেয়—শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে যারা অস্ত্র তুলে নেয়, রাষ্ট্র তাদের ‘চরমপন্থি’ তকমা দিলেও তারা আসলে দেশদ্রোহী নাকি দেশপ্রেমিক? টিজার জুড়ে সেই রহস্য আর টানটান উত্তেজনারই ইঙ্গিত পাওয়া গেছে।