টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
এর আগে সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লাইট বিজি-৫৮৫ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। জানাজায় অংশ নিতে আগ্রহীদের নিরাপত্তাজনিত কারণে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে জানাজার সময় জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবেবলেও সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।
শহিদ শরিফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার জানাজা ও দাফনকে ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।