টেলিগ্রাফ রিপোর্ট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
সূত্রমতে, জাহাঙ্গীর আলম চৌধুরীকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হচ্ছে না; তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন। এ ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। আজ মঙ্গলবারই এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির জেরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংগঠনটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ ও পরিবর্তনের দাবির মুখে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, হাদি হত্যাকাণ্ডের পর সরকারের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা প্রশমিত করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা বাড়াতে এই রদবদল জরুরি হয়ে পড়েছিল। একই সঙ্গে পুলিশের উচ্চ পর্যায়েও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে, যার আনুষ্ঠানিক সিদ্ধান্ত আজই জানা যাবে।