আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে তার পক্ষে এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করার মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গুলশান, বনানী ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনটি দেশের অন্যতম ভিআইপি নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। আজ বেলা ১১টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রাজনৈতিক সমঝোতা ও পার্থের সরে দাঁড়ানো ঢাকা-১৭ আসনটি থেকে প্রথমে নির্বাচন করার পরিকল্পনা ছিল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের। তবে বিএনপির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানোর পর তিনি এই আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
জানা গেছে, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের প্রতি সম্মান জানিয়ে এবং তারেক রহমানের প্রার্থিতার পথ প্রশস্ত করতে পার্থ এখন তার পৈতৃক এলাকা ভোলা-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়নপত্র সংগ্রহের মাহেন্দ্রক্ষণ রোববার সকালে মনোনয়নপত্র সংগ্রহের সময় এ বি এম আব্দুস সাত্তারের সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর গত বৃহস্পতিবার দেশে ফেরা তারেক রহমান গতকালই ঢাকার ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন।
নির্বাচনী কৌশল হিসেবে বিএনপি এই আসনটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। গতকাল পর্যন্ত গুঞ্জন ছিল তারেক রহমান তার পৈতৃক এলাকা বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন, তবে আজ ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটল। এর ফলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ আসনেই এখন মূল রাজনৈতিক মনোযোগ নিবদ্ধ হচ্ছে।
আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তারেক রহমান আর কোনো আসন থেকে লড়বেন কি না, তা এখনও স্পষ্ট করেনি বিএনপি।