টেলিগ্রাফ ডেস্ক | এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিসিবির এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ক্রিকবাজ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে মোখলেসুর রহমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার ইউটিউব চ্যানেলে সাংবাদিক রিয়াসাত আজিমও এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেন।
ভিডিওটিতে মোখলেসুর রহমান ও নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক তৌহিদের মধ্যে হওয়া একাধিক ফোনালাপ ফাঁস করা হয়। সেখানে ম্যাচের ফলাফল ও খেলার ধরন নিয়ে নির্দেশনা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে মোখলেসুরের বিরুদ্ধে।
এ নিয়ে বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, অ্যালেক্স মার্শাল (বিসিবি ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান) এরই মধ্যে তদন্তের প্রাথমিক শুরু করেছেন। পাশাপাশি, মোখলেসুর বিসিবির অডিট কমিটি থেকে পদত্যাগ করেছেন বলেও জানান ওই কর্মকর্তা।
মোখলেসুর রহমান ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন।
এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মোখলেসুর রহমান ক্রিকবাজকে বলেন, সুষ্ঠু তদন্তে নিশ্চিতে আমি অডিট কমিটি ও অন্যান্য দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। তবে আমি পরিচালক পদে থাকছি। এই বিষয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়ার দাবিও জানান তিনি।
#আরএ