টেলিগ্রাফ ডেস্ক | সম্প্রতি বিপিএলের ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ ওঠার ভেতরেই এবার পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীমের। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর বিপিএলের ১২তম আসরের ফাইনাল চলাকালীনই তিনি বিসিবির সব ধরনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে শামীম জানান, বিসিবি পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যানসহ সব পদ থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি।
তার ভাষায়, এটি কোনো দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও বিসিবির ভাবমূর্তি রক্ষার স্বার্থে নেওয়া একটি নৈতিক সিদ্ধান্ত। তিনি উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত কষ্টের হলেও দেশের ক্রিকেটের সম্মান তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ফেসবুক পোস্টে চলমান তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি লেখেন, সত্য ও ন্যায়ের ওপর তার আস্থা রয়েছে। ভবিষ্যতেও দেশের ক্রিকেটের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ দিকে ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুলে একটি অনুসন্ধানী ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে থাকা একাধিক কল রেকর্ডে ম্যাচ রেফারিদের সঙ্গে সংশ্লিষ্ট কথোপকথনের আলামত আছে বলে দাবি করা হয়।
ভিডিওটতে বলা হয়, এবারের বিপিএলের সিলেট পর্বে নোয়াখালী এক্সপ্রেসের একটি ম্যাচে ফিক্সিংয়ের পরিকল্পনা হয়েছিল। সিলেটের নূরজাহান হোটেলে সংশ্লিষ্টদের নিয়ে বিষয়টির সমন্বয় করতেন শামীম।
রিয়াসাদ আজিমের দাবি অনুযায়ী, পরিকল্পনা, অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ন্ত্রণে শামীমের সরাসরি ভূমিকা ছিল। আগাম টাকা দেওয়ার কথোপকথনসহ কে কোথায় থাকবে এবং কে কাকে কত টাকা দেবে—এমন তথ্যও কল রেকর্ডে উঠে এসেছে বলে জানানো হয়।
নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে যুক্ত তৌহিদ হোসেন ও ইমরান হাসানের বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগ ওঠে এবং বিসিবির নির্দেশে তাদের দল থেকে বাদ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, এরপরও অন্যদের মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন শামীম।
উল্লেখ্য, রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে বিসিবির পরিচালক হওয়ার পর অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান মোখলেসুর। বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস লিগ পর্বে ষষ্ঠ হয়ে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
#আরএ