ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের নির্বাচনী সফর শেষে ফেরার পথে এক কিশোরীর দৃঢ় প্রত্যয় ও আবেগঘন বার্তার সাক্ষী হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় ভালুকার সিডস্টোর এলাকায় গাড়িবহর থামিয়ে ওই কিশোরীর কথা শোনেন তিনি। মেয়েটি তারেক রহমানকে জানায়, সে ভবিষ্যতে রাজনীতির মাধ্যমেই জনগণের সেবা করতে চায় এবং নিজের যোগ্যতায় সংসদে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চায়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নির্বাচনী প্রচারণা শেষে তারেক রহমান যখন ময়মনসিংহের ভালুকা হয়ে গাজীপুরের জনসভার দিকে যাচ্ছিলেন, তখন এই অভূতপূর্ব মুহূর্তের সৃষ্টি হয়।
বাসের দরজা খুলে দিলেন তারেক রহমান প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের গাড়িবহর ভালুকার সিডস্টোর এলাকা অতিক্রম করার সময় এক কিশোরী তাঁর সঙ্গে কথা বলার আকুতি জানায়। বিষয়টি নজরে আসার পর তারেক রহমান নিজেই বাসের দরজা খুলে দেন এবং অত্যন্ত ধৈর্য ধরে কিশোরীটির কথা শোনেন। এ সময় বাসে তারেক রহমানের পাশেই বসা ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
‘আমার রক্তে রাজনীতি’ তারেক রহমানের সঙ্গে কথা বলার সময় কিশোরীটি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বলে, “আমি মানুষের সেবা করে রাজনীতি করতে চাই। নিজের যোগ্যতায় একদিন সংসদে গিয়ে আপনার সাথে দেখা করে আসব। আমার রক্তে রাজনীতি—রাজনীতি ছাড়া থাকতে পারব না।” সে আরও জানায় যে, জনসভায় তাকে দূর থেকে দেখলেও মন ভরেনি বলেই সরাসরি দেখা করার এই চেষ্টা।
তারেক রহমান কিশোরীর এমন সাহসী ও আত্মবিশ্বাসী বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাকে শুভকামনা জানান।
খালেদা জিয়ার ছবি উপহার কথা বলার এক পর্যায়ে কিশোরীটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি তারেক রহমানের হাতে তুলে দেয়। তারেক রহমান অত্যন্ত আনন্দের সাথে সেই উপহারটি গ্রহণ করেন এবং কিশোরীটিকে ধন্যবাদ জানান।
নির্বাচনী ব্যস্ততার মাঝে এই ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ মুহূর্তটি সেখানে উপস্থিত সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছে। ওই কিশোরীর আত্মবিশ্বাস ও লক্ষ্য নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলেও বেশ ইতিবাচক আলোচনা হচ্ছে।