টেলিগ্রাফ রিপোর্ট | বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদের দুই কক্ষ—লোকসভা ও রাজ্যসভায় আনুষ্ঠানিকভাবে শোক জানানো হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ তথ্য প্রকাশ করে।
পিটিআই জানায়, ওই দিন ভারতের সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শেষ হওয়ার পর সেক্রেটারি জেনারেল ভাষণের লিখিত অনুলিপি উপস্থাপন করেন।
এরপর বেগম খালেদা জিয়াসহ ভারতের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোকবার্তা পাঠ করা হয়।
লোকসভার স্পিকার ওম বিড়লা শোকবার্তা পাঠ করতে গিয়ে বলেন, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার অবদান গুরুত্বপূর্ণ ও স্মরণযোগ্য। তিনি উল্লেখ করেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকা ইতিহাসে গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।
একই অনুষ্ঠানে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন পৃথকভাবে শোক প্রস্তাব পাঠ করেন। শোকবার্তা পাঠের পর সংসদের সদস্যরা প্রয়াত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এটি ভারতের সংসদীয় রীতির অংশ হিসেবে পালন করা হয়।
রাজ্যসভার চেয়ারম্যান আরও বলেন, সংসদের সেক্রেটারি জেনারেলের মাধ্যমে প্রয়াতদের পরিবারের সদস্যদের কাছে ভারতের সংসদের পক্ষ থেকে গভীর শোক ও সহানুভূতির বার্তা পৌঁছে দেওয়া হবে।
সিপি রাধাকৃষ্ণন তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরেন।
রাধাকৃষ্ণন বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে বেগম খালেদা জিয়া উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন।
#আরএ