কক্সবাজার সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ‘বোল’ মাছ। বৃহস্পতিবার মাছটি দুই লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কাইসার উদ্দিনের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় বাজারে বড় অংকের মূল্যে মাছটি বিক্রি করে দেন জেলেরা। ক্রেতারা মাছটি টেকনাফ বাজারে নিয়ে কেটে খুচরা হিসেবে বিক্রি করবেন বলে জানিয়েছেন।
স্থানীয় জেলে ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে জাল তোলার সময় জেলেরা এই দানবীয় মাছটি দেখতে পান। মাছটি ট্রলারে তুলতেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, স্থানীয়ভাবে ‘বোল’ বা ‘রায়মাস বোলা’ নামে পরিচিত এই মাছটি অত্যন্ত মূল্যবান ও দুষ্প্রাপ্য। সাধারণত শীত মৌসুমে বঙ্গোপসাগরে এই মাছের দেখা মেলে।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বিবিসি বাংলাকে বলেন, “এই প্রজাতির মাছ সাধারণত ৫ থেকে ১৫ কেজি ওজনের হয়ে থাকে। তবে ১০০ থেকে ২০০ কেজি বা তারও বেশি ওজনের বড় বোল মাছ ধরা পড়ার ঘটনা বিরল।”
তিনি আরও জানান, বড় আকারের বোল মাছ বাজারে অত্যন্ত উচ্চমূল্যে বিক্রি হয়, যা জেলেদের জন্য বড় ধরণের আর্থিক প্রাপ্তির সুযোগ করে দেয়। সেন্টমার্টিনে ধরা পড়া এই মাছটি জেলেদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।