ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন হয়েছে। একদিনেই স্বর্ণের দাম ২ দশমিক ৩৬ শতাংশ কমেছে বলে জানিয়েছে স্বর্ণ ও রুপার আন্তর্জাতিক দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট GoldPrice।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, সর্বশেষ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৮ দশমিক ৮৩ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলারে নেমে এসেছে।
বিশ্ববাজারে দামের এই পতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সূত্র বলছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলে সাধারণত দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। সেদিন ভরিতে স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওইদিন বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারে দামের পতন অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দাম আরও কমতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।