চাঁদপুর সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম লেংটার মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্ধারিত সময়ের আগেই জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে মাইকিং করে মেলা বন্ধের ঘোষণা দেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। এ সময় মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া উপস্থিত ছিলেন। ঘোষণা অনুযায়ী, ১ এপ্রিল মাগরিবের পর থেকে মেলার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং দর্শনার্থী, ভক্ত ও ব্যবসায়ীদের শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করার আহ্বান জানানো হয়।
জানা গেছে, ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। মেলাকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়া, অশ্লীলতা ও নানা অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া জুয়া ও মাদক ব্যবসায়ীদের হামলায় মাজারের খাদেম আহত হওয়ার ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এসব ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা করে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয় এবং শেষ পর্যন্ত মেলা বন্ধের সিদ্ধান্ত দেয়। মেলা বন্ধ ঘোষণার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে।
সচেতন মহলের মতে, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতেই প্রশাসনের এ সিদ্ধান্ত সময়োপযোগী। তবে ভবিষ্যতে এমন আয়োজনের ক্ষেত্রে পরিকল্পনা ও কঠোর নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।