আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি.
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মানিকগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিশারির উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত এই আয়োজনটি স্থানীয় তরুণ-তরুণী, শিশু-কিশোর এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
উৎসবের শুরুতেই অতিথিদের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারির উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন দিশারির প্রতিষ্ঠাকালীন সভাপতি হাসান শিকদার, বর্তমান সভাপতি শামী জোপা বৃষ্টি, সাধারণ সম্পাদক তুষার, সাংগঠনিক সম্পাদক জুবায়ের রহমান, শিক্ষা সম্পাদক বুলবুল ও মুবিন, অর্থ সম্পাদক ইভা এবং দপ্তর সম্পাদক আতিকুর রহমান।
অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করেন দিশারির নিবেদিতপ্রাণ সদস্যরা। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও ভলান্টিয়াররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পুরো আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে আকাশজুড়ে উড়তে দেখা যায় নানান রঙ ও নকশার ঘুড়ি, যা উপস্থিত দর্শনার্থীদের মনে সৃষ্টি করে এক অনন্য আনন্দ ও উচ্ছ্বাস। শিশুদের প্রাণখোলা উল্লাস, তরুণদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ এবং সবার সম্মিলিত উপস্থিতিতে উৎসবটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
আয়োজকরা জানান, দিশারি সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং অংশগ্রহণকারীদের সহায়তায় দিশারির ভলান্টিয়াররা নিরলসভাবে কাজ করেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘুড়ি উৎসবটি আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা দিশারির এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।