সাতক্ষীরা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে বিভিন্ন জাতের আম পাড়ার সময় নির্ধারণ করে আম ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত ধাপে ধাপে আম সংগ্রহের এই সময়সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক আফরোজা আখতার এই ক্যালেন্ডার ঘোষণা করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় আম চাষিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৫ থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে। এরপর ১৫ মে থেকে হিমসাগর ও খিসরা, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম পাড়ার অনুমতি দেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি আম পাড়ার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই আম পরিপক্ক হবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক আম ভাঙা ও বাজারজাতকরণে নজরদারি রাখা হবে। এ ক্ষেত্রে নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।