অভয়নগর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও জয়েন্ট ট্রেডিং করপোরেশনের মালিক আনিসুর রহমান হত্যার প্রতিবাদে নওয়াপাড়ায় সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অভয়নগরের সর্বস্তরের ব্যবসায়ী ও শ্রমিকরা এ হরতাল কর্মসূচি পালন করেন।
বুধবার সকাল থেকে নওয়াপাড়া বাজারের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ থাকতে দেখা যায়। অভয়নগরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা যশোর-খুলনা মহাসড়কে ব্যারিকেড দিয়ে সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
এদিকে, হরতালের প্রভাবে নওয়াপাড়া নদীবন্দরে পণ্যবাহী জাহাজের মালামাল লোড-আনলোড কার্যক্রমও বন্ধ হয়ে পড়ে।
শ্রমিক নেতা রবিউল হোসেন রবি ও মোল্যা হাবিবুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ৬ মে নওয়াপাড়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন ব্যবসায়ী আনিসুর রহমান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।