ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঢাকার মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামির সর্বোচ্চ শাস্তি হিসেবে আগামী এক মাসের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশু নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই বরদাশত করবে না উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যেন কেউ এমন অপরাধের সাহস না পায়, সেজন্যই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল একাডেমি মাঠে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। তিনি মিরপুরের ওই ঘটনাকে মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় হিসেবে বর্ণনা করে দেশের আবহমান কালের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ পুনরুজ্জীবিত করার তাগিদ দেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত রামিসার পল্লবীর বাসায় গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করেন এবং দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেন। ওই সময় প্রধানমন্ত্রীর সাথে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, আগামীকাল রোববার বিকেলেই পুলিশ রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেবে।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং কবির পৌত্রী খিলখিল কাজীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।