ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি বলেন, সরকার দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রকে গড়ে তোলার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠনে সবারই নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। ঈদুল আজহার দিনে দেশ ও মানুষের নিরাপত্তা এবং দায়িত্ব পালনের সক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বানও জানান তিনি।
ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে বাংলাদেশ সেনাবাহিনীর ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের আত্মত্যাগ ও দায়িত্ববোধের প্রশংসা করেন। তিনি বলেন, ঈদের সময় পরিবারের বাইরে থেকে দায়িত্ব পালন করা সেনাসদস্যদের ত্যাগ দেশ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
এ সময় কয়েক মাস আগে দুটি পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৮ জন সাংবাদিককে উদ্ধারে সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার শৈশবের স্মৃতিচারণ করে বলেন, ঢাকা সেনানিবাসের সঙ্গে তার জীবনের দীর্ঘ স্মৃতি জড়িয়ে আছে। পরে তিনি ‘পঁচিশ মৃত্যুঞ্জয়ী’ ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।