ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া দিয়ে শুরু হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। এছাড়া বাণিজ্য, শ্রমবাজার, রেমিট্যান্স, হালাল ফুড সার্টিফিকেশন এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মালয়েশিয়া সফরের পর প্রধানমন্ত্রী ভারত অথবা চীন সফরেও যেতে পারেন। যদিও কোন দেশটি আগে সফর করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। চীন আগামী ২৩ থেকে ২৬ জুনের মধ্যে সফরের আগ্রহ প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় প্রবাসী কল্যাণ, অর্থনৈতিক কূটনীতি এবং ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কৌশল অনুসরণ করতে চায়।