অভয়নগর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভয়নগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাউল ইসলামের (৭৮) দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামে নিজ বাড়ির সামনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অভয়নগর থানার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাউল ইসলাম শুক্রবার (৫ জুন) দুপুর ২টার দিকে খুলনার সোনাডাঙ্গা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।