নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে রেকর্ড ৪৮টি দল অংশ নেওয়ার পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ ৮৭১ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। ২০২২ সালের আসরের তুলনায় এই অর্থ প্রায় ৬৫ শতাংশ বেশি। বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের একটি অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)ও এ তহবিল থেকে অর্থ পাওয়ার সুযোগ পাবে।
সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের একটি অংশ বাংলাদেশসহ ফিফার সব সদস্য অ্যাসোসিয়েশনের মধ্যে বণ্টন করা হয়। তার মতে, বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮-এ উন্নীত হওয়ায় বিশেষ করে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে এবং বাছাইপর্বের প্রতিযোগিতা আরও বেড়েছে।
ফিফার ঘোষিত কাঠামো অনুযায়ী, প্রতিটি অংশগ্রহণকারী দল প্রস্তুতি, প্রশিক্ষণ ও ভ্রমণ ব্যয়ের জন্য শুরুতেই ২ দশমিক ৫ মিলিয়ন ডলার পাবে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দল অতিরিক্ত ১০ মিলিয়ন ডলারসহ মোট ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার পাবে।
এ ছাড়া দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া দল পাবে ১২ মিলিয়ন ডলার, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দল ১৬ মিলিয়ন ডলার এবং কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দল ২০ মিলিয়ন ডলার পাবে। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার, চতুর্থ স্থান অর্জনকারী ২৭ মিলিয়ন ডলার, রানার্সআপ ৩৩ মিলিয়ন ডলার এবং বিশ্বচ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫০ মিলিয়ন মার্কিন ডলার।