নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সোমবার (২০ জুলাই), রাত ৮টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে রুনা পারভীন নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইলের মোড়লপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আইএমইআই নম্বর ও সিমকার্ড সংবলিত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িতে নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার ব্যবসা পরিচালনার গোপন সংবাদ পায় তারা। জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন।
এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অনলাইন জুয়ার বিস্তার ও উদ্বেগ
যশোরের বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরেই অনলাইন জুয়া নিয়ে উদ্বেগ রয়েছে। ২০২৪ সালে মনিরামপুর উপজেলার নেহালপুর বাজারে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছিল ডিবি। স্থানীয়দের অভিযোগ, দ্রুত লাভের প্রলোভনে তরুণ ও শিক্ষার্থীরা এই চক্রে জড়িয়ে পড়ছে। জুয়ার টাকা জোগাড় করতে অনেকে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধেও লিপ্ত হচ্ছে।
ডিবি কর্মকর্তারা জানান, অনলাইন বেটিং ও জুয়ার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এটি এখন কেবল আইনি বিষয় নয়, বরং সামাজিক ও পারিবারিক সংকটে রূপ নিচ্ছে। তাই অভিযানের পাশাপাশি আর্থিক লেনদেনে নজরদারি বৃদ্ধি ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।