সাতক্ষীরা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার কালীগঞ্জে নিখোঁজ নয় বছর বয়সী এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক এক সন্দেহভাজন নারীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ফারজানা (৯)। পরে সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিদ্যালয়ে যোগাযোগ করে জানতে পারেন, সে সেখানে যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে পুলিশ কাশিবাটি গ্রামের বাসিন্দা সুমাইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের ওয়ারড্রোবের নিচ থেকে ফারজানার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক সুমাইয়াকে ছিনিয়ে নেয় এবং গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।