সাকিব আহসান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পীরগঞ্জে সংরক্ষিত বনভূমির উদ্ধার করা জায়গায় রোপণ করা প্রায় ১০ হাজার গাছের চারা রাতের আঁধারে উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। উপড়ে ফেলা এসব চারা পাশের টাঙন নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খনগাঁও মৌজার সংরক্ষিত বনভূমির ৮৪ একর জমি স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন অবৈধ দখলে ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে ওই জমি উদ্ধার করা হয়। পরে সেখানে বনায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ৮৪ হাজার গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে প্রায় ১০ হাজার চারা দুর্বৃত্তরা উপড়ে ফেলেছে।
গতকাল সকালে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান।
বন কর্মকর্তা মহসিন আলী বলেন, “উচ্ছেদ হওয়া অবৈধ দখলদারদের লোকজন আক্রোশবশত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার হোসেন প্রামাণিক বলেন, বন বিভাগের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।