মোঃ কামরুল ইসলাম, জেলা প্রতিনিধি
মঙ্গলবার (২১ জুলাই), বিকেল ৩টা ৪৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা ৪৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব ফোন তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটির বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে অনুসন্ধান শুরু করে জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল’। আধুনিক প্রযুক্তি ও নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করেন সাইবার সেলের সদস্যরা।
হারানো শখের মোবাইল ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা সাইবার ক্রাইম মনিটরিং সেল ও জেলা পুলিশের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান।
পুলিশের বক্তব্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, “রাঙ্গামাটি জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তায় ও জনসেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে আমাদের সাইবার ক্রাইম মনিটরিং সেল দিনরাত কাজ করে যাচ্ছে। এই সেবা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জসহ সেলের অন্যান্য সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।