গোপালগঞ্জ সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জে আদালত চলাকালে বিচারকের ছুড়ে মারা একটি কাঁচের পেপারওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবিশ নারী আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা তদন্ত ও বিচারকের শাস্তির দাবি জানিয়েছেন।
বুধবার দুপুরে গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আদালত কক্ষের পেছনে বিচারপ্রার্থীরা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বিচারক মো. সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন।
অভিযোগ অনুযায়ী, পেপারওয়েটটি সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আইনজীবী এ ঘটনার বিচার দাবি করেছেন। জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান এবং সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ আলম সেলিম ঘটনাটির নিন্দা জানিয়ে তদন্ত এবং দায়ী বিচারকের শাস্তি দাবি করেছেন।
অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়ার বক্তব্য জানতে তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।