BSTI Press Release
বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) দুপুর ২টা ৫৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় বিএসটিআইয়ের অনুমোদনহীন দই ও মিষ্টি বিক্রি এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় শামিম সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই দই ও মিষ্টি উৎপাদন এবং বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অত্যাবশ্যকীয় তথ্য না থাকায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।