নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) | বিকাল ৫টা ৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের মণিরামপুরে নিখোঁজের দুই দিন পর মহাসিন মোল্যা (২২) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট এলাকা থেকে তাঁর অর্ধপচা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহাসিন চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে।
নিহত মহাসিন গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। স্বজনদের তথ্যমতে, মঙ্গলবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যার আগে শয়লা বাজারে তাঁর বড় ভাই মিলন মোল্যার সঙ্গে শেষ দেখা হয়। তখন তিনি ‘বড় ভাড়া’ পাওয়ার কথা জানিয়ে চলে যান। এরপর থেকে সন্ধান না পাওয়ায় বুধবার মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বৃহস্পতিবার সকালে রামপুর ঘাট এলাকায় বাঁওড়ে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবার ও পুলিশকে খবর দেয়। নিহতের পরিবারের ধারণা, দুর্বৃত্তরা মহাসিনকে হত্যা করে তাঁর ইঞ্জিনচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মরদেহ বাঁওড়ে ফেলে দেয়। পরে মরদেহটি ভেসে এসে একটি বাঁশঝাড়ের কাছে আটকে যায়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, “বাঁওড় থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ ফুলে যাওয়ায় প্রাথমিকভাবে শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন বোঝা যায়নি।”
ওসি আবু সাঈদ আরও জানান, ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।