নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শুক্রবার (২৪ জুলাই), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে আসাদুজ্জামান আসাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ‘কাচ্চি বাড়ি বিরিয়ানি হাউসের’ মালিক জামাল বাবুচ্চী আইনি প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া বাজারে অবস্থিত ওই রেস্তোরাঁয় এক অজ্ঞাত ব্যক্তি খিচুড়ি পার্সেল নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি পুনরায় হোটেলে ফিরে এসে খাবারে পোকা পাওয়ার অভিযোগ তোলেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ যাচাই করে জানান, এটি পোকা নয় বরং মুরগির মাংসের একটি অংশ। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ওই ব্যক্তি অভিযুক্ত আসাদুজ্জামান আসাদকে সেখানে ডেকে আনেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসাদ ঘটনাস্থলে পৌঁছেই হোটেলের সুনাম নষ্ট করার ভয় দেখিয়ে ব্যবসায়ী জামাল বাবুচ্চীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসাদ হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং ব্যবসায়ীকে মানসিকভাবে চাপ সৃষ্টি করেন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”