নিউজ ডেস্ক
শনিবার (২৯ আগস্ট), ২০২৬ | সকাল ৯টা ৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের আলোচনা ও নেগোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের দ্বার উন্মোচিত হয়েছে।
মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়া সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে ২৫টি রিক্রুটিং এজেন্সিকে সরাসরি নির্বাচিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশের অবস্থানকে সম্মান জানিয়ে আরও ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কর্মী প্রেরণের সুযোগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এ প্রক্রিয়ায় কাজ করবে। ফলে মোট ৩৩৮টি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্ট’-এ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এসব কর্মীর প্রথম বহর বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে।
মেডিকেল সেন্টার ও স্বচ্ছতা নিশ্চিতকরণ
শ্রমবাজার চালুর বিষয়ে মন্ত্রণালয় জানায়, ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত মেডিকেল সেন্টারগুলো বাদ দিয়ে অবশিষ্ট ১৬টি মেডিকেল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। শ্রমবাজার চালুর পর মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে নতুন নীতিমালার আলোকে যাচাই-বাছাই করে মেডিকেল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করবে।
অভিবাসন ব্যয় কমিয়ে আনতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক স্থাপন করা হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনও প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে মন্ত্রণালয় বলেছে, সরকারি বিজ্ঞপ্তি বা নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত কোনো ধরনের আর্থিক লেনদেন, মেডিকেল টেস্ট কিংবা পাসপোর্ট জমা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।