কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
বুধবার (২ সেপ্টেম্বর), দুপুর ২টা ৪৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি আবু আবরাব আলভীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবু আবরাব আলভীকে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে অভিযোগের বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সম্প্রতি ফেসবুকে আবু আবরাব আলভীর একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্তব্য করে লেখেন, ‘আগে বিদ্যুতের অনেক সমস্যা ছিল, এখন বিদ্যুৎ আর নেই।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই পোস্টকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি মো. আলী আহমদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই সিদ্ধান্তের ফলে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের ওই নেতার সাংগঠনিক পদ বাতিল হলো।